ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬

যারা বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে চ্যালেঞ্জ করে , তারা কখনোই বিএনপি করতে পারেনা : হাবিবুর রহমান হাবিব

Gopal Odhikari
জানুয়ারি ২২, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। আজ বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড় এলাকা থেকে গণসংযোগের মাধ্যমে তিনি নির্বাচনী তৎপরতা শুরু করেন।

প্রচারণা শুরুর পর হাবিবুর রহমান ঈশ্বরদী-পাবনা সড়ক ও রেলগেট এলাকা হয়ে স্থানীয় বাজারে যান। সেখানে তিনি বাজারের প্রতিটি দোকানে গিয়ে ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। সাধারণ মানুষের কাছে ভোট ও দোয়া চাওয়ার পাশাপাশি তিনি সবার সমর্থন কামনা করেন। এ সময় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

প্রচারণা চলাকালীন এক সংক্ষিপ্ত বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, যারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে চ্যালেঞ্জ করার ধৃষ্টতা দেখায়, তারা কখনোই দলের আদর্শ ধারণ করতে পারে না। আমি নির্বাচিত হলে ঈশ্বরদীকে সম্পূর্ণ মাদকমুক্ত করার পাশাপাশি সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলব।

তিনি প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, তারেক রহমান দেশে ফিরেছেন। তিনি ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, এমনকি মায়ের সঙ্গে শেষ সময়ে বসে খাওয়ার সুযোগটুকুও পাননি। দেশের মানুষ তাঁর ওপর আস্থা রেখে একটি সুন্দর রাষ্ট্র গড়ে তুলবে। আজ তাঁর আহ্বানে সাধারণ মানুষ ও নেতা-কর্মীরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, তা অভূতপূর্ব।

হাবিবুর রহমান আরও যোগ করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনেই আমি কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে জয়ী হয়ে এই আসনটি আমি তাঁকে উপহার দিতে পারব।