ঢাকাFriday , 20 February 2026

ঈশ্বরদী-আটঘরিয়াকে চাঁদাবাজ মুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: আবু তালেব মন্ডল

সংযোগ ডেস্ক
February 20, 2026 9:10 pm
Link Copied!

পাবনা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেছেন, সরকার গঠন করতে না পারলেও তাঁর প্রধান লক্ষ্য হবে একটি চাঁদাবাজমুক্ত সমাজ গঠন করা। বিশেষ করে ঈশ্বরদী ও আটঘরিয়া থেকে সব ধরনের চাঁদাবাজি নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শপথ গ্রহণ শেষে ঢাকা থেকে ঈশ্বরদীতে ফিরলে দলীয় নেতা-কর্মীরা তাঁকে বিশাল সংবর্ধনা দেন। এদিন সকাল সাড়ে ১০টার দিকে তিনি মুলাডুলি বাজারে পৌঁছালে অপেক্ষমাণ হাজারো নেতা-কর্মী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সেখান থেকে কয়েকশ মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে তাঁকে শহরের আলহাজ মোড়ে নিয়ে আসা হয়।

শহরের আলহাজ মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, শপথ নেওয়ার পরপরই আমি রেল সচিবের সঙ্গে কথা বলেছি। ঈশ্বরদী রেলগেটের দীর্ঘদিনের যানজট ও মানুষের দুর্ভোগ নিরসনে তাঁকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন।

এ ছাড়া এলাকার অবহেলিত রাস্তাঘাট, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে দ্রুত উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

জুলাই অভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এমপি আবু তালেব বলেন, ২৪-এর ছাত্র-জনতার বিপ্লব না ঘটলে আজ আমরা নির্বাচনের এই গণতান্ত্রিক সুযোগ পেতাম না। তাই ‘সংবিধান সংস্কার পরিষদ’ বাস্তবায়নে বিএনপির শপথ না নেওয়া দুঃখজনক। এটি প্রকারান্তরে শহিদদের ত্যাগের প্রতি অবজ্ঞা করার শামিল। তিনি বিএনপিকে দ্রুত শপথ নিয়ে গঠনমূলক রাজনীতিতে ফেরার আহ্বান জানান।

নিজের ওপর হওয়া বিগত আমলের নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে আমাদের ওপর অনেক জুলুম করা হয়েছে। আমি কখনোই সাবেক মন্ত্রী বা এমপিদের সখ্যতা করি নাই, বরং তাঁদের কারণেই আমাকে দুই বছর কারাগারে থাকতে হয়েছে। সম্প্রতি এক যুবলীগ নেতার জামিনকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেন তিনি।

আইন নিজের হাতে তুলে না নিতে নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, মজলিশে শুরার সদস্য মাওলানা গোলাম রব্বানি খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিক, সেক্রেটারি সাইদুল ইসলাম এবং পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজমসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।